সারাদেশে ধর্ষণ ও শিশু হত্যার ক্রমবর্ধমান ভয়াবহ ঘটনার প্রতিবাদে এবং সাম্প্রতিক মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় যুবশক্তি, গাজীপুর মহানগর কমিটির ব্যানারে আজ এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে টঙ্গী পশ্চিম থানা কমিটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর বিচারের দাবি জোরালোভাবে উত্থাপন করেন।
ভয়াবহ বাস্তবতা ও রাষ্ট্রের ব্যর্থতা
মানববন্ধনে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গত মাত্র সাত দিনে দেশে চারটি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। মিরপুরে সাত বছরের রামিসাকে পাশের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। ঠাকুরগাঁওয়ে চার বছরের লামিয়াকে ভুট্টা ক্ষেতে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা। সিলেটে চার বছরের ফাহিমাকে মাত্র বিশ টাকার সিগারেট আনতে পাঠিয়ে ধর্ষণের পর হত্যা। মুন্সীগঞ্জে নিজের সৎ মামার হাতে দশ বছরের এক শিশু ধর্ষণ ও হত্যার শিকার।
বক্তারা বলেন, এই ভয়াবহ পরিস্থিতি রাষ্ট্রের চরম ব্যর্থতারই প্রতিফলন। তারা উল্লেখ করেন, মাগুরার আছিয়া হত্যাকাণ্ডের রায় হলেও এক বছর ধরে হাইকোর্টে ডেথ রেফারেন্স ঝুলে আছে। ফেনীর নুসরাত হত্যার সাত বছর পরও রায় কার্যকর হয়নি। কুমিল্লার তনু হত্যার দশ বছর পর সবেমাত্র একজন আসামি গ্রেফতার হয়েছে, আরেকজন বিদেশে পালিয়ে গেছে। বনানীর রেইনট্রি হোটেলে গণধর্ষণ মামলায় সব আসামি খালাস পেয়েছে। সিলেটের এমসি কলেজে গণধর্ষণের পাঁচ বছর পর সবেমাত্র সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বক্তারা প্রশ্ন তোলেন, এই দেশে ধর্ষকের সাজার হার যেখানে মাত্র তিন শতাংশ, যেখানে আটত্রিশ হাজারের বেশি মামলা পাঁচ বছরের বেশি সময় ধরে আদালতে ঝুলে আছে, সেখানে নারী ও শিশুর নিরাপত্তা কোথায়?
নেতৃবৃন্দের উপস্থিতি ও বক্তব্য
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ ওমর ফারুক, মুখ্য সংগঠক আকাশ ঘোষ, জাতীয় ছাত্র শক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক বসির আহমেদ অপু এবং টঙ্গী অঞ্চলের নেতৃবৃন্দ। টঙ্গী পূর্ব থানা কমিটি থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব মঈন আহমেদ। টঙ্গী পশ্চিম থানা কমিটি থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক মাহাবুবুল আলম বিশাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েত আল রহমান অভি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ মারুফ আল হোসাইন প্রিন্স, যুগ্ম সদস্য সচিব শেখ তানাকা বিনতে সেলিম, সিনিয়র মুখ্য সংগঠক মোছাঃ সাথী সহ বিভিন্ন থানা কমিটি ও মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গাজীপুর মহানগরের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম বলেন, "যে রাষ্ট্র সাত বছরের একটি শিশুকে তার নিজের বাড়ির পাশে নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই রাষ্ট্রের কাছে আমাদের জবাব চাই। রামিসার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।" সদস্য সচিব মোঃ ওমর ফারুক বলেন, "আমরা আমদের সন্তানকে কোন পৃথিবীতে এনেছি। নিজেকে বাংলাদেশি বলতেও লজ্জা হয়।" মুখ্য সংগঠক আকাশ ঘোষ বলেন, "এই দেশে প্রতিদিন গড়ে তেরোটি ধর্ষণ মামলা হয়, অথচ সাজার হার মাত্র তিন শতাংশ। এটি লজ্জার, এটি রাষ্ট্রীয় ব্যর্থতা।" জাতীয় ছাত্র শক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক বসির আহমেদ অপু বলেন, "আমরা ছাত্র-যুব সমাজ এই বর্বরতা মেনে নেবো না।"
স্লোগানে মুখরিত টঙ্গী
সমাবেশে নেতাকর্মীরা "রামিসার রক্তে রাঙা পথে, বিচার চাই দৃপ্ত শপথে", "ধর্ষকের ঠাঁই নাই, এই মাটিতে ঠাঁই নাই", "নব্বই দিনে বিচার চাই, রামিসার বিচার চাই", "কাগজের ফাঁসি নয়, কার্যকর ফাঁসি চাই", "জেগে ওঠো বাংলাদেশ, রামিসারা আর কত শেষ?" — এসব স্লোগানে টঙ্গীর এলাকা প্রকম্পিত করে তোলেন।
